সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশদের পদক দেওয়া হচ্ছে!

 

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন তাদের পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর খবরে আরো বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের সাল ভিত্তিক পদকের নামকরণ করা হয়েছে। এক্ষেত্রে নবম সংসদ নির্বাচনের ক্ষেত্রে পদকের নাম দেওয়া হয়েছে ‘সংসদীয় নির্বাচন ডিসেম্বর ২০০৮’, দশম সংসদ নির্বাচনের ক্ষেত্রে ‘সংসদীয় নির্বাচন জানুয়ারি ২০১৪’ এবং একাদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে পদকের নাম ‘সংসদীয় নির্বাচন ডিসেম্বর ২০১৮’। তিনটি পদক একই ধরনের হবে। রিবনের আকারও এক হবে। তবে রঙে ভিন্নতা থাকবে।

পদক হবে সাদা শংকর ধাতুতে তৈরি। আকৃতি হবে ষড়ভুজ। পদকের সামনের দিকে বর্গাকৃতি ব্যালট বাক্সের ছিদ্রে ভাঁজ করা ব্যালট পেপার অর্ধাংশ উত্কীর্ণ থাকবে। তিনটি পদকের ওপরে সংসদীয় নির্বাচন এবং নিচে নির্বাচন সংশ্লিষ্ট মাস ও সালের নাম লেখা থাকবে। পদকের পেছনের দিকে মধ্যভাগে সংসদ ভবন ও ওপরে বাংলাদেশ উত্কীর্ণ থাকবে।

এদিকে রিবনগুলোর মাপ এক হলেও রঙে ভিন্নতা থাকবে। ২০০৮ সালের পদকের রিবনের মধ্যভাগ হবে সাদা। উভয় পাশে সবুজ গাঢ় খয়েরি এবং ?দুপাশে অর্থাত্ খয়েরি রঙের উভয় পাশে লাল রঙ থাকবে। ২০১৪ সালের পদকের রিবনের মধ্যভাগ সাদা, উভয় পাশে লাইট গ্রে এবং দুই পাশ গাঢ় লাল হবে। ২০১৮ সালের পদকের রিবনের মধ্যভাগ সাদা, উভয় পাশে হালকা গোলাপি এবং                 দুই পাশ গাঢ় লাল হবে।

তবে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন দেওয়ার বিষয়টি পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অস্বীকার করেছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে কেউই জানেন না বলে জানিয়েছেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড প্ল্যানিং শাখার ডিআইজি হায়দার আলী খান ইত্তেফাককে বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে এমন খবর তার জানা নেই।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ অধিশাখা-১) ধনঞ্জয় কুমার দাস ইত্তেফাককে বলেন, নির্বাচনে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন প্রদানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ইত্তেফাকের কাছে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। না জেনে আমি কিছু বলতে পারব না।’