চাটমোহর মডেল মসজিদের প্রথম জুমায় নারী ও পুরুষ মুসল্লিদের ঢল

চাটমোহর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রথম দেখাতেই চোখ আটকে যায়। সড়ক থেকে শ্বেতপাথরের ঝকঝকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। পাশেই সুউচ্চ মিনার। মূল ভবনের সঙ্গে আলাদা করে লাগানো হয়েছে নকশা করা সাদা গ্রিল। চার কোনায় চারটি গম্বুজ। সব মিলিয়ে এক নান্দনিক সৌন্দর্যে ভরপুর। জেলা-উপজেলায় নির্মিতব্য এমন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে গত বৃহস্পতিবার ভার্চুয়ালি ৫০টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চাটমোহরের এই মসজিদটিও রয়েছে। শুক্রবার এই মডেল মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়। পুরুষের পাশাপাশি এখানে নামাজ আদায় করেন নারীরাও। সকাল থেকেই মসজিদে নামাজ পড়ার জন্য উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষ মুসল্লিগণ আসতে থাকেন। দুপুর ১২টার মধ্যেই মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে জায়গা না পেয়ে অনেকেই ফিরে যান। দূর-দূরান্ত থেকে আসা অনেক মুসল্লি আবার আসরের নামাজ আদায় করার জন্য অপেক্ষা করেন। জুমার নামাজের ইমামতি করেন মওলানা মো. উবাইদুল্লাহ। নামাজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম আগত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।