ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সত্ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন, প্রতিটি ইউনিয়নের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতাকে চলমান রাখতে যোগ্য ব্যক্তিদের চেয়ারম্যান নির্বাচন করুন। আমি ২০১৪ সালে প্রথম এমপি নির্বাচিত হয়ে এখন পর্যন্ত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের উন্নয়ন অব্যাহত রেখেছি। আগামীতেও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন, উন্নয়ন ও মূল্যায়নের ব্যাপারে আমি সব সময় আপনাদের পাশে থাকব।’
গতকাল শুক্রবার বিকালে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে দুটি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে লোচনগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিক্সন চৌধুরী এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ‘কাউলিবেড়া ইউনিয়নের বাসিন্দা হওয়া সত্ত্বেও তিনি এই ইউনিয়নের দৃশ্যমান কোন উন্নয়ন দেখাতে পারেন নাই। আজ তার বাড়ির সামনে দিয়ে ১৮ ফুট চওড়া রাস্তার কাজ করতে পেরে আমি যেমন খুশি, তেমনি এই উন্নয়ন আমি তাকে উপহার হিসাবে দিলাম।’
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত্ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান কাজী প্রমুখ।