ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল আবাহনী-মোহামেডান লড়াইয়ে উত্তেজনার পারদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান রেগে আগুনে মূর্তি ধারণ করেছিলেন দুই বার। স্ট্যাম্পে লাথি মেরেছেন আউটের আবেদনে সাড়া না পেয়ে, আবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় স্ট্যাম্পই তুলে ফেলেছিলেন।
এমন আগুনে মেজাজ পরিদর্শন করা ম্যাচে সাকিবের মোহামেডানই জিতেছে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে ক্লাবটি। গতকাল মিরপুর স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আবাহনীকে ডিএল মেথডে ৩১ রানে পরাজিত করেছে মোহামেডান। ৭ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। সমান ম্যাচে আবাহনীর দ্বিতীয় হার।
টস জিতে আগে ব্যাট করে মোহামেডান ৬ উইকেটে ১৪৫ রান তুলেছিল। সাকিব ৩৭, পারভেজ ইমন ২৬, মাহমুদুল হাসান অপরাজিত ৩০ রান করেন। রান তাড়া করতে নেমে আবাহনী ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩১ রান তুলতেই নামে বৃষ্টি। পরে ডিএল মেথডে আবাহনীর টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ৭৬ রান। যদিও আবাহনী ৪৪ রানের বেশি যেতে পারেনি। শান্ত ১৫, মুশফিক অপরাজিত ১৮ রান করেন। ১৭ রানে ৩ উইকেট নিয়ে শুভাগত হোম ম্যাচ-সেরা হন।
মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ১০১ রানে পরাজিত করেছে লেজেন্ডস অব রূপগঞ্জকে। বিজয়ের অপরাজিত ৬৯, রনি তালুকদারের ৫৩ রানে প্রাইম ব্যাংক ৫ উইকেটে ১৬৯ রান করেছিল। জবাবে ১৮ ওভারে ৬৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। ১৫ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের অফস্পিনার নাহিদুল ইসলাম ম্যাচ সেরা হন।
বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে। লিগে দোলেশ্বরের এটি দ্বিতীয় হার। ইমরানুজ্জামানের ৪৬ বলে অপরাজিত ৬৫, শামীম পাটোয়ারির ১৯ বলে অপরাজিত ৪৯ রানের ঝড়ো ইনিংসে দোলেশ্বর করেছিল ৫ উইকেটে ১৬৬ রান। পরে ৭ উইকেটে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে নেয় শেখ জামাল। জিয়াউর রহমান ৩৩ বলে ৫৩, তানভির হায়দার অপরাজিত ৪৫ রান করেন। জিয়াউর ম্যাচ সেরা হন। অপর ম্যাচে শাইনপুকুর ৭ উইকেটে পরাজিত করেছে ওল্ডডিওএইচএসকে।
এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স ডিএল মেথডে ১৫ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়নকে। খেলাঘর ডিএল মেথডে ১৫ রানে হারিয়েছে পারটেক্সকে।
সাকিব কাণ্ড
ম্যাচ রেফারির রিপোর্টের
পরই সিদ্ধান্ত
স্পোর্টস রিপোর্টার
আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে বিসিবির পরিচালক, কর্মকর্তারা হাজির হয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। করোনার কারণে দর্শক না থাকলেও গতকাল ভিআইপি গ্যালারিতে ক্লাব কর্মকর্তাদের অনেকে ছিলেন। ম্যাচে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের দুই বার স্ট্যাম্প ভাঙার কাণ্ডে অবাক সবাই। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম বলেছেন, বহুদিন পর কিছুটা উত্তেজনা দেখা গেছে আবাহনী-মোহামেডান ম্যাচে। ক্রিকেটারদের আবেগ সংবরণের কথা বলেছেন তিনি। ম্যাচ রেফারি মোরশেদুল ইসলামের রিপোর্ট পাওয়ার পরই সাকিব কাণ্ডে সিদ্ধান্ত নিবে সিসিডিএম।
গতকাল ম্যাচের পর কাজী ইনাম বলেছেন, ‘দেখেন খেলার মাঠে অনেক কিছুই হয়। আজকে (গতকাল) আবাহনী-মোহামেডানের খেলা ছিল এবং এখানে প্রচুর উত্তেজনা ছিল, কিছুটা দুর্ঘটনা ছিল। যেখানে সাকিব আল হাসানও জড়িয়ে গেছে। এটা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভও ছিল। সুতরাং আপনারা সবাই দেখতে পেয়েছেন। এটা আসলে দুর্ভাগ্যবশত, ক্রিকেট এমন একটা খেলা যেখানে এমন একটা উত্তেজনা এসে যেতে পারে, কিন্তু আমরা আশা করি সব সময় খেলোয়াড়রা তাদের আবেগ নিয়ন্ত্রণ করবে।’
যেহেতু সম্প্রচার হয়েছে, তাই আন্তর্জাতিক ম্যাচের মতোই সিদ্ধান্ত নিতে চায় সিসিডিএম। কাজী ইনাম বলেছেন, ‘আমাদের এখানে যে হচ্ছে আপনি দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মতো। সেখানে যেমন থাকে এখানেও সেটা বজায় রাখতে হবে। এখানে ম্যানেজমেন্ট যারা আমাদের দেখে, বিশেষ ম্যাচ রেফরি যারা দেখে ম্যাচ আম্পায়ার্স, তারা একটা রিপোর্ট দিবে, আমরা আশা করছি আজ তাদের রিপোর্ট আসবে সব নিয়ম কিন্তু আছে। আপনি কোনো নিয়ম ভাঙলে কি ধরনের শাস্তি হবে তা আইন অনুযায়ী আসবে।’