গৃহকর্মীর শরীরে মাড় ঢেলে ঝলসে দিলেন গৃহকর্ত্রী!

তুচ্ছ ঘটনায় নিশা (১৮) নামের এক গৃহকর্মীর শরীরে গরম মাড় ঢেলে ঝলসে দিয়েছেন উত্তরার এক গৃহকর্ত্রী। অভিযুক্ত গৃহকর্ত্রীর নাম তানজিনা রহমান সুরভী। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা-৯ নম্বর সেক্টরের ঐ বাসা থেকে দগ্ধ গৃহকর্মী নিশা আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিশাকে ঝলসে দেওয়ার এক সপ্তাহের মধ্যেও কোনো চিকিত্সার ব্যবস্থা করেনি সুরভী ও তার পরিবার। এদিকে ঘরে আটকে থাকা এবং যন্ত্রণায় ছটফট করতে থাকা মেয়েটির কান্না শুনে প্রতিবেশীদের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পুলিশ তাকে উদ্ধার করে।

নিশাকে গতকালই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানান, তার গলা ও কাঁধসহ শরীরের পাঁচ ভাগ পুড়ে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিত্সা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বছরখানেক ধরে ঐ বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন নিশা। এর মধ্যে ৬ জুন গৃহকর্তার মেয়ে সুরভী তাকে ওয়াশিং পাউডার আনতে বলার পর কিছুটা দেরি হওয়ায় তার গায়ে গরম মাড় ঢেলে দেন। ৯৯৯-এর ফোকাল পারসন (গণমাধ্যম) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা-৯ নম্বর সেক্টরের এক ব্যক্তি ফোন করে জানান, সেখানে এক গৃহকর্মীকে প্রচণ্ড মারধর ও গরম পানি ঢেলে নির্যাতন করা হয়েছে। আহত মেয়েটিকে একটি কক্ষে আটকে রেখেছে তারা। তিনি গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ৯৯৯ থেকে তাত্ক্ষণিকভাবে বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। এরপর উত্তরা পশ্চিম থানার একটি দল ঘটনাস্থলে যায়। উত্তরা পশ্চিম থানার এসআই কাঞ্চন রায়হান জানান, ৯৯৯ থেকে তথ্য পেয়ে তারা ঐ গৃহকর্মীকে উদ্ধার করেন। উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস জানান, অভিযুক্ত সুরভীকে গ্রেফতার করা হয়েছে।