চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু

২০২১ সালের মার্চ থেকে জুন মাস পর্যন্ত চার মাসে বজ্রপাতে অন্তত ১৭৭ প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুন) রাজধানীর পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সেভ দ্যা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএএফ)।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২০২১ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে আহত হয়েছে ৪৭ জন। এর মধ্যে শুধু কৃষি কাজ করতে গিয়েই মৃত্যু হয়েছে ১২২ জনের। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা গেছেন ১৫ জন। ঘরে অবস্থানকালীন বজ্রপাতে মারা গেছেন ১০ জন, নৌকায় মাছ ধরার সময় ছয় জন, মাঠে গরু আনতে গিয়ে পাঁচ জন, মাঠে খেলা করার সময় তিন জন ও বাড়ির আঙিনায়/উঠানে খেলা করার সময় ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ভ্যান বা রিকশা চালানোর সময় দুই জন ও গাড়ির ভেতরে অবস্থানকালীন বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ১৭৭ জনের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ২৮ জন নারী। তাদের মধ্যে ১৩ শিশু ও নয় জন কিশোর-কিশোরী রয়েছেন।

এ বছর বজ্রপাতের হট স্পট হিসেবে চিহ্নিত হয়েছে সিরাজগঞ্জ জেলা। এ জেলায় চলতি বছরের মে ও জুন মাসেই মারা গেছে ১৮ জন। এছাড়া চলতি বছরের চার মাসে জামালপুরে ১৪ জন, নেত্রকোনায় ১৩ জন, চাপাইনবাবগঞ্জে ১৬ জন ও চট্টগ্রামে মারা গেছেন ১০ জন।

চলতি জুন মাসের ৬ তারিখ বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামে বৃষ্টির সময় বাড়ির আঙিনায় খেলা করছিল আশরাফি খাতুন (১০) ও মহসিনা খাতুন (১২) নামে দুই শিশু।  

ইত্তেফাক/কেকে