বিনোদন প্রতিবেদক
‘বৃষ্টির মতো’ শিরোনামের নতুন একটি গান রিলিজ দিতে যাচ্ছেন ‘এক জীবন’ খ্যাত সংগীতশিল্পী সৈয়দ শহীদ। গানটি লিখেছেন ও সুর করেছেন নাহিদ হাসান এবং মিউজিক করেছেন রাজিব হোসাইন। নিজেন নতুন গান প্রসঙ্গে শহীদ বলেন, ‘বৃষ্টির প্রতি তো সবারই একটি ভালোলাগা বা অনুভূতি কাজ করে। তেমনই এক অনুভূতি থেকে গানটি করলাম। আর বৃষ্টির বহিঃপ্রকাশের কথা চিন্তা করেই একটি সুন্দর মিউজিক ভিডিও নির্মাণ করেছি। আশা করছি দর্শক-শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করবেন।’ নতুন এই গানটির পাশাপাশি নিজের একাধিক একক ও নিজের ব্যান্ড ‘দূরবীন’-এর নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহীদ। নিজের চলমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আমার বেশ কয়েকটি সলো গানের কাজ চলছে। এরমধ্যে দুটি গান সম্পূর্ণ তৈরি করেছি। পাশাপাশি ব্যান্ডের ৮টি গান তৈরি করছি। ব্যান্ডের জন্মদিন উপলক্ষে ব্যান্ডের অ্যালবামটি রিলিজের পরিকল্পনা রয়েছে।’ সাধারণত জনপ্রিয়তা পাওয়ার পর গানেই মনোযোগী হতে দেখা যায় সংগীতশিল্পীদের। সেক্ষেত্রে পুরোপুরি ভিন্ন এক উদাহরণ তৈরি করেছেন শহীদ। জনপ্রিয়তা পাওয়ার পরও তেমন সরব হতে দেখা যায়নি তাকে। এ নিয়ে শহীদ বলেন, ‘আমি শুরু থেকেই গানকে পেশা হিসেবে দেখিনি। গানের প্রতি ভালোবাসা থেকেই গান করছি। আমার শ্রোতা আছে, এই চিন্তা করে কখনো গান করি না।’ এছাড়া বর্তমান সময়ে প্রায় সব শিল্পী নিজেদের মতো করে গান রিলিজ দিচ্ছেন। লেভেল কোম্পানিগুলোর প্রতি তাদের অনিহা বরাবরই দেখা যাচ্ছে। এর কারণ প্রসঙ্গে জানতে চাইলে শহীদ আরো বলেন, ‘কেন লেভেল কোম্পানির কাছে যাবো। সেখানে গেলে তো আমার গান আমিই কোথাও পোস্ট করতে পারবো না। কেন আমার গানের মালিকানা অন্যকে দেবো!’ এছাড়া বর্তমান সময়ের গান প্রসঙ্গে শহীদ আরো বলেন, ‘এখনকার গান কী করে মানুষের হূদয়ে প্রভাব ফেলবে। এখন তো যারা গান লিখছেন, সুর করছেন বা গাইছেন, তাদের নিজেদের মাঝেই যোগাযোগ নেই। যেখানে সৃষ্টিকারীদের মাঝে আত্মীক সম্পর্ক নেই, সেখানে সেই সৃষ্টিটি মানুষকে প্রভাবিত করবে কীভাবে!’