বিনোদন ডেস্ক
অভিনেত্রী প্রিয়ামণির নতুন ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। সিরিজটিতে প্রধান নারী চরিত্রে তার অনবদ্য অভিনয় রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছে। পাশাপাশি এই ওয়েব সিরিজটি শুধু ভারতে নয়, বাংলাদেশেও ভিউয়ের দৌড়ে শীর্ষে রয়েছে। তবে নেটদুনিয়ায় এই প্রশংসা ও সফলতাকে পেছনে ফেলে নেতিবাচক এক সমালোচনায় এবার শিরোনামে এলে প্রিয়ামণি। স্বজনপ্রীতির অভিযোগ আনা হলো তার বিরুদ্ধে। অনেকেই তার এই সাফল্যকে বিদ্যা বালানের অবদান বলে মন্তব্য করেছেন। বিদ্যা বালানের চাচাতো বোন হওয়ায় বলিউড ও দক্ষিণের ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাচ্ছেন তিনি। কারণ হিসেবে তারা বিদ্যা বালানের জাতীয় চলচ্চিত্র পাওয়ার আসরে প্রিয়ামণিকে নিয়ে মন্তব্যকে সামনে এনেছেন। সে বিদ্যা বলেন, ‘আমি গর্বিত এ ভেবে যে, প্রিয়ামণি আমার পরিবারের একজন। আমি সবসময় তার ক্যারিয়ারের সফলতা কামনা করি।’ এতদিন পর সেই মন্তব্যকে ঘিরে সমালোচনার জবাবে প্রিয়ামণি বলেন, ‘আমি বুঝি না মানুষ এত সময় কোথায় পান। হ্যাঁ, বিদ্যা আমার বোন। আমি তাকে এবং তার কাজকে অনেক ভালোবাসি। কিন্তু আমরা ব্যক্তিগত সিদ্ধান্তগুলো কেউ কারো পরামর্শে নিই না। আমি যখন অভিনয়ে যাত্রা শুরু করি তখন বিদ্যা অনেক বড়মাপের একজন অভিনেত্রী ছিল। কিন্তু আমি কখনোই তার সেই অবস্থানকে নিজের কাজে লাগাতে চাইনি। কারণ আমি জানি দিনশেষে নিজের প্রতিভা, যোগ্যতা, মেধা আর কাজ দিয়েই টিকে থাকতে হবে। কারণ ভালো কাজ উপহার দিতে না পারলে দর্শকরাও ছুঁড়ে ফেলতে সময় নেবে না।’