অ্যাস্ট্রাজেনেকার টিকায় ‘নতুন পার্শ্বপ্রতিক্রিয়া’

রয়টার্স

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯ টিকা নেওয়ার ফলে রক্তে আরেকটি বিরল পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। শুক্রবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, করোনা ভাইরাসের টিকা প্রয়োগের পর যাদের হূদপিণ্ডে প্রদাহ দেখা দিয়েছে, এমন কয়েক জন রোগীকে পরীক্ষা করতে গিয়ে এই পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়ে।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) জানায়, অ্যাস্ট্রেজেনেকার টিকার একটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের ‘রক্তনালীতে ফুটো’ হওয়ার উপসর্গও যোগ করতে হবে। যারা এর আগে রক্তনালীর এই ক্ষুদ্র ছিদ্রের কারণে শরীর ফুলে যাওয়া এবং রক্তচাপ কমায় ভুগেছেন তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা উচিত হবে না বলে জানিয়েছে ইএমএ।

নিয়ন্ত্রণ সংস্থাটি এপ্রিলে প্রথম এই উপসর্গগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে এবং তাদের এই সুপারিশ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতি আরেকটু আস্থা কমিয়ে দেবে। ইএমএ কমিটি ছয় জন রোগীকে পরীক্ষা করে নতুন এই পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করে, যাদের বেশির ভাগই নারী।

এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং তিন জনের আগে থেকেই রক্তনালী ফুটো হওয়ার লক্ষণ ছিল। তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাস্ট্রাজেনেকা।