ভরা মৌসুমেও দেখা নেই রুপালি ইলিশের

দাম চড়া

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে দেখা নেই ইলিশের। মেঘনায় মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে গেছে দুই মাস আগে। এরপরেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না।

এ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে দৌলতখান উপজেলার পাতারখাল মাছঘাট, ভবানীপুর মাছঘাট, গোষেরহাট এলাকার মাছঘাট, চরপাতা এলাকার মাছঘাট গিয়ে জানা যায়, সারা দিন নদীতে জাল বেয়েও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছে না দৌলতখানের জেলেরা। এ উপজেলায় আয়ের প্রধান উত্স হচ্ছে নদী। এবার নদীতে মাছ কম থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার জেলেরা। প্রতিদিন জাল, নৌকা ও ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নামলেও তাদের ফিরে আসতে হচ্ছে খালি হাতে। কারণ যে পরিমাণ মাছ পাচ্ছেন তা দিয়ে খরচই

ওঠছে না তাদের। এতে অনেকের মাছ ধরার আগ্রহ কমে গেছে। কেউ কেউ আবার ঋণের বোঝা নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। ইলিশের সরবরাহ অনেক কম হওয়ায় দাম চড়া বলে জানিয়েছেন আড়তদাররা। ইলিশের অভয়াশ্রম রক্ষায় (মার্চ-এপ্রিল) দুই মাস ইলিশ শিকার বন্ধ থাকার পর মে মাসের শুরুতেই নদীতে ইলিশ শিকারে নেমেছিলেন উপজেলার জেলেরা। কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন পার করছেন তারা। জেলে মালেক, লোকমান মাঝিসহ বেশ কয়েক জন জানান, ‘নদীতে এখন জাল বেয়ে তেলের খরচ উঠছে না। আগে এমন সময় সামনে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত। দুই মাস নদীতে মাছ শিকার বন্ধ থাকার পর ভেবেছি নদীতে অনেক ইলিশ ধরা পড়বে। কিন্তু মাছ নেই।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ‘এ মুহূর্তে নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে আগামী কিছু দিনের মধ্যে ইলিশ ধরা পড়লে জেলেদের দুর্দিন কেটে যাবে।