প্লাস্টিকের বালতিতে ২৬ হাজার ইয়াবা

গ্রেফতার ২

লামা (বান্দরবান) সংবাদদাতা

লামার সরই থেকে ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ ছদ্মবেশী দুই বেদেকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার বিকালে সরই বাজারে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এই খবর নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন—ঢাকার সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. মাসুক মিয়া এবং কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম মোকামের মো. আবুল হোসেন।  র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লামার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া বাজারের চৌমুহনীতে তল্লাশি চৌকি বসায় র্যাবের একটি দল। সে সময় ছদ্মবেশী বেদে মাসুক মিয়া ও আবুল হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সঙ্গে থাকা প্লাস্টিকের বালতির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। র্যাব-৭-এর পক্ষে এসআই (নিরস্ত্র) মো. জায়েদ ভুঁইয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।