চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় শাহীন হোসেন (১৩) নামের এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার বিকালে শহরের নূরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় শাহীন। শাহীন হোসেন সদর উপজেলার জাফরপুর গ্রামের মসজিদ পাড়ার আরিফুল ইসলামের ছেলে। সে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। বাইসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে জাফরপুরের দিকে যাচ্ছিল শাহীন। নূরনগর এলাকায় পেছন থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার রিয়াজুলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।