সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসে দেড় বছরেরও বেশি সময় ধরে সাব রেজিস্ট্রার না থাকায় দলিল সম্পাদনে ভোগান্তির অন্ত নেই। অফিসটিতে সাব রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলার কবিরহাট সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার তানিয়া তাহের।
তিনি জানান, জেলা রেজিস্ট্রার থেকে তাকে সুবিধাজনক সময়ে সপ্তাহে দুই দিন সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসে বসার জন্য বলা হয়েছে। সেই সুবাদে তিনি প্রতি সপ্তাহের রবি ও সোমবার সেনবাগ অফিসে কাজ করেন। যেমন এ সপ্তাহে সোম ও মঙ্গলবার এ দুই কার্যদিবসে অফিস করা হবে। এতে একটু তাড়াহুড়ো হয় এটা সত্য। প্রতি সপ্তাহে আড়াই থেকে তিন শতাধিক দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়। সপ্তাহের বাকি সময়ে এ অফিসে জমি ক্রয়-বিক্রয়ে দলিল রেজিস্ট্রি হয় না।
তিনি আরো জানান, মূল সমস্যা হচ্ছে, সেনবাগ সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকারী আবু হেনা মোস্তফা কামাল শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকায় ২০২০ সালের জানুয়ারি মাস থেকে অফিস করতে পারছেন না। তারপর থেকে জেলার অন্য কোনো সাব রেজিস্ট্রি অফিস থেকে সাব রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে সেনবাগ অফিসে কাজ করানো হচ্ছে। তবে ২০২০ সালের ডিসেম্বর মাসে আবু হেনা মোস্তফা কামাল চাকরি হতে অবসরে যান। এখন সেনবাগে নতুন কাউকে সাব রেজিস্ট্রার হিসেবে দিতে আর কোনো সমস্যা নেই বলে তিনি মন্তব্য করেন।
সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মো. ইসমাইল হোসেন জানান, পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা এলাকায় ৩৩ শতাংশ জায়গার ওপর সেনবাগ সাব রেজিস্ট্রি অফিস আধুনিক ভবন নির্মাণ হয়। গেল বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন ছাড়াই নতুন ভবনে কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে এ অফিসে দলিল সম্প্রদানের কাজ চলছে।
এদিকে, সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসে স্থায়ীভাবে একজন সাব রেজিস্ট্রার দেওয়ার দাবি জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েক জন দলিল লেখক। তারা বলেন, এতে যেমন জমি ক্রয়-বিক্রয় প্রত্যাশীদের বিড়ম্বনা ও ভোগান্তি দূর হবে, তেমনি সরকারি রাজস্ব বাড়বে।