মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে ছেলে জীবন কুজুরের কুড়ালের আঘাতে মোংলা কুজুর (৬০) নামের এক জন মারা গেছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের বাসিন্দা মোংলা কুজুর বিকালে ঘরে ঘুমোচ্ছিলেন। এ সময় তার ছেলে জীবন ঘরে ঢুকে ঘুমন্ত বাবার মাথায় কুড়াল দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে ছেলে বাবাকে হত্যা করল, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামি পলাতক। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।