সিলেট অফিস
তেল জাতীয় ফসলের উত্পাদন বৃৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা খামারবাড়ীর পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক শ্রীনিবাস দেবনাথ বলেন, সিলেট অঞ্চলে যে পরিমাণ জমি অনাবাদী পড়ে থাকে তাতে তেল জাতীয় ফসলসহ নানা ফসল উত্পাদনের সুযোগ রয়েছে। তিনি কৃষি কর্মকর্তা ও কৃষকদের বলেন, অন্যান্য ফসলের সঙ্গে তেল জাতীয় ফসল উত্পাদন বাড়াতে হবে। তিনি বলেন, সারা দেশে তেল জাতীয় ফসল ১০ ভাগ উত্পাদন বাড়াতে পারলে আমরা শত ডলার আয় করতে পারব। সিলেট জেলার সব কটি উপজেলায় সূর্যমুখীর চাষ বৃদ্ধির সুযোগ রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারোয়ারুল আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট খামারবাড়ী সিলেটের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। কিনোট উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প মনিটরিং অফিসার জালাল উদ্দিন সরকার। বক্তারা তেলজাতীয় ফসলের পুষ্টিগুণ শরীরের উপকারীতা সম্পর্কে গুরুত্বারোপ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় খাদিমনগর কৃষি সম্প্রসারণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ কর্মশালায় ১৮৬ জন কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ ও সিলেট সদর উপজেলা সম্প্রসারণ অফিসার মুক্তা সরকার।