গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও সীমানা দেওয়াল ভেঙে ফেলার অভিযোগে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার মো. খায়রুল আলম চৌধুরী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ভাইসহ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকায় ৭ দশমিক ৯১ একর জমি ক্রয় করে সীমানা দেওয়াল নির্মাণ করার সময় পার্শ্ববর্তী জাহিদুল ইসলাম তুষার, তৌহিদুল ইসলাম তুহিন ও এমদাদ হোসেন দীর্ঘদিন যাবত্ মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
গত ৫ জুন রাতে উল্লেখিত আসামিরা ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে নির্মাণাধীন দেওয়াল, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করতে থাকে। খবর পেয়ে বাদী খায়রুল আলম চৌধুরী তার জমির কেয়ারটেকার ফারুক হোসেনকে নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা দলবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।
এ ছাড়া হুমকি দেয় তাকে হত্যা করে লাশ গুম করে দেবে। এ ব্যাপারে পূবাইল থানায় মামলা করতে গেলে থানাপুলিশ মামলা না নেওয়ায় তিনি গত ৯ জুন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে গাজীপুর পিবিআইকে নির্দেশ দেয় আদালত।