সাংবাদিকতা জগতের সবচেয়ে সম্মানজনক পুলিত্জার পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েডকে নির্যাতনের পর হত্যার ভিডিও ধারণকারী কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার। তার সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসসহ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকও রয়েছেন। এর মধ্যে চীনের উইঘুর মুসলিমদের নির্যাতনের সংবাদ প্রকাশ করে ভারতীয় বংশোদ্ভূত দুই সাংবাদিক পুরস্কারের অংশীদার হয়েছেন। খবর সিবিএস নিউজের
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করা কিশোরীকে বিশেষ সম্মাননা দিয়েছে পুলিত্জার পুরস্কার বোর্ড। গত বছর পুলিশের হাতে ফ্লয়েডকে নির্যাতনের ঘটনার ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করেছিল ১৭ বছর বয়সি কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার। এই কাজের স্বীকৃতিস্বরূপ তাকে পুলিত্জারে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার ২০২১ সালের পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে রয়টার্স, নিউইয়র্ক টাইমস, এপি, দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনের মতো গণমাধ্যমগুলো।
গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে হাঁটু তার ঘাড় চেপে ধরেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন। এতে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই ঘটনার সংবাদ সবার আগে প্রকাশ করায় দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনকে ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে পুলিত্জার পুরস্কার দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার ভাগাভাগি করেছেন মার্কিন বার্তা সংস্থা এপির ১০ জন ফটোগ্রাফার। ফ্লয়েড হত্যাকাণ্ডের পর মার্কিন পুলিশ বাহিনীর নানা বর্ণবাদী আচরণ সংবাদমাধ্যমে প্রকাশ হতে থাকে। এ নিয়ে নিয়ে যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিত্জার পেয়েছে দ্য মার্শাল প্রজেক্ট, আল ডটকম, ইনডিস্টার ও ইনভিজিবল ইনস্টিটিউট। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্ণবৈষম্য নিয়ে বিশ্লেষণী সংবাদ প্রকাশের জন্য সম্মানিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া করোনা ভাইরাস মহামারি নিয়ে সংবাদ প্রকাশের জন্য জনসেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস ও দ্য আটলান্টিক। চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক প্রতিবেদন ক্যাটাগরিতে প্রথমবারের মতো পুলিত্জার পুরস্কার পেয়েছে বাজফিড। ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে পুলিত্জার পুরস্কার। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর পুরস্কার ঘোষণা করে।