ইউরো ফুটবল-২০২০

হঠাত্ মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচ পরিত্যক্ত

ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচে হঠাত্ করে মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। প্রথমার্ধের শেষের দিকে হঠাত্ করেই এই ঘটনা ঘটে। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। পরিত্যক্ত হওয়ার আগে ম্যাচ গোলশূন্য সমতায় ছিল।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে গতকাল শনিবার চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে ঘটনাটি ঘটে। ফিনল্যান্ড বক্সের কাছাকাছি গিয়েছিলেন এরিকসন, যাতে থ্রো-ইন থেকে বলটা পেতে পারেন। কিন্তু বল তার কাছে আসার আগেই হঠাত্ মাঠে পড়ে যান। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে। ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। হাত ইশারায় তারা মেডিক্যাল স্টাফদের ডাক দেন। মাঠেই শুরু হয় চিকিত্সা। দেওয়া হয় সিপিআর। এতে ধারণা করা হচ্ছে, হার্টের সমস্যায় ভুগছেন ২৯ বছর বয়সি এই মিডফিল্ডার। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বিইন স্পোর্টস এক টুইট বার্তায় জানায়, এরিকসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। —রয়টার্স ও সিএনএন