ফাওয়াজ রবের ‘লং ওয়াক হোম’ চিত্রটি পেনআর্ট আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রথম পুরস্কার অর্জন করেছে। ফ্রান্স, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সারা বিশ্ব থেকে ৮০ জন শিল্পীর মধ্যে তার চিত্রটিকে সেরা হিসেবে বিবেচিত করেন। ফাওয়াজ রব প্রথম বাংলাদেশি শিল্পী, যিনি প্রিন্টমেকার হিসেবে কম্বোডিয়ায় এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেন। এ পুরস্কার দিয়ে কর্তৃপক্ষ বলেছে, ফাওয়াজ রবের শিল্পকর্মটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব শরণার্থীদের মানুষ হিসেবে যে অসম্মান ও কষ্টের মুখোমুখি হতে হয় তা স্পর্শ করেছে।
১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান মিয়ানমার ছেড়ে পালিয়ে এসেছে। দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না। সবাই বাড়ি ফিরতে চায়। রোহিঙ্গারাও বাড়ি ফিরতে চায়। তারা হাঁটতে হাঁটতে একটি বাড়ির কথা চিন্তা করে, যার অস্তিত্ব আর নেই। তারা হয়তো সেই বাড়িতে আর কোনো দিনও ফিরে যেতে পারবে না। কিন্তু সেই বাড়ির খোঁজে নিরন্তর হেঁটে চলা তাদের। এ কথাই ফুটে উঠেছে ‘লং ওয়াক হোম’ ছবির ফ্রেমে।
ফাওয়াজ রব একজন স্থপতি এবং ১০ বছর ধরে এনএসইউ আর্কিটেকচার বিভাগে শিক্ষকতা করছেন। একজন স্বশিক্ষিত শিল্পী, যার প্রথম একক প্রদর্শনী হয়েছিল প্যারিসে। তিনি বাংলাদেশি প্রিন্টমেকারদের একজন সক্রিয় সদস্য।