বিনোদন ডেস্ক
কারিয়ারে এরইমধ্যে ৭ বছর পার করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। নিজের সফলতার ঝুড়িতে পুড়েছেন ‘এমএস ধনী’ ‘কবির সিং’, ‘ইন্দো কি জোয়ানি’ ‘ভারত আন্নে নেনু’সহ বেশকিছু বলিউড ও দক্ষিণী সিনেমা। ‘লুস্ট স্টোরিস’-এ অভিনয় করে চলচ্চিত্র বোদ্ধা থেকে শুরু দর্শক-সমালোকদের নজর কাড়েন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এছাড়া ‘গুলটি’ শিরোনামের নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। নিজের এই সাফল্যে বলিউড ভাইজান সালমান খানের অনেক অবদান রয়েছে বলে গণমাধ্যমের এক সাক্ষাত্কারে বললেন কিয়ারা। কিয়ারা বলেন, ‘সালমান আমার নাম পরিবর্তন থেকে শুরু করে কীভাবে নিজেকে প্রমাণ করবো সেই বিষয়ে বিভিন্ন সময় আমাকে পরামর্শ দিয়েছেন। যা আমার আজকের অবস্থান তৈরিতে কাজে দিয়েছে বলে মনে করি। আলিয়া ভাটের সঙ্গে আমার নাম মিলিয়ে গিয়েছিল। সবাই এ নিয়ে দ্বিধায় পড়তে পারে ভেবে সালমান সেটা পরিবর্তন করে কিয়ারা রেখেছেন! যতদিন এই নাম থাকবে ততদিন সালমানও আমার নামে সঙ্গে জড়িয়ে থাকবেন। শুধু নাম নয়, কাজেও সাপোর্ট করেছেন সালমান। তার অবদান ভোলার মতো নয়।’