রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজিবপুর উপজেলার তিনটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি মাত্র খেলার মাঠ দীর্ঘদিন ধরে পানির নিচে রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সংস্কার না হওয়ায় খেলার মাঠটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় রয়েছে। গত বছরের দীর্ঘস্থায়ী বন্যার সময় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি পানি নিষ্কাশনের ড্রেনের মুখ বন্ধ করে দেয়। এরপর থেকে জলাবদ্ধতার কবলে পড়ে রাজিবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, রাজিবপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও ভোকেশনাল শিক্ষার্থীদের এ খেলার মাঠটি। এ বিষয়ে রাজিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু এনাজ বলেন, ‘মাঠে অনেক দিন বৃষ্টির পানি জমে থাকে। স্কুল খোলা থাকলে মাঠের ময়লা পানি ও পচা কাদার গন্ধে ছেলেমেয়েরা থাকতে চায় না। রাজিবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, ‘আমি মাঠের সংস্কারের জন্য এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো স্কুলমাঠ সংস্কারে একটি টাকারও কাজ হয়নি। শুধু আশার বাণীই পেয়েছি।’ রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলাম বলেন, ‘আমি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি না। আমি শুধু আর্থিক বিষয়টি যৌথভাবে দেখি। অন্য সব ব্যাপার প্রধান শিক্ষক দেখেন। উনাকেই মাঠ সংস্কারের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হবে। উনি নিজেই একজন জেলা পরিষদের সদস্য।’