হাতিয়ায় ইউপি সদস্য হত্যা মামলায় আরো এক জন গ্রেফতার

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস হত্যা মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জাহাজমারা ইউনিয়ন থেকে এই মামলার ২০ নম্বর আসামি সামছুদ্দিন কোপা সামসুকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার মামলার ২৩ নম্বর আসামি আমজাদ হোসেন ও ২৮ নম্বর আসামি সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাঞ্চন কান্তি দাস। উল্লেখ্য, গত বুধবার রাতে রবীন্দ্র চন্দ্র দাস চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের ওছখালীর বাড়িতে ফেরার পথে খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে শুক্রবার দুপুরে হাতিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।