নাটোর প্রতিনিধি
নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। রবিবার এই ইউনিটের বর্ধিত শয্যার উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। তিনি জানান, অতি দ্রুত নাটোর সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিত্সাসামগ্রী প্রদান এবং নতুন জনবল পদায়ন করা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি প্রদত্ত তিনটি অক্সিজেন সিলিন্ডার ও অন্য কোভিড-১৯ চিকিত্সাসামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। এ সময় নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নাটোর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৯০০ পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য শিমুল।