স্পোর্টস রিপোর্টার
তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই গতকাল খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুভাগত হোমের নেতৃত্বে বিকেএসপিতে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে সাদা-কালো শিবির। ওল্ডডিওএইচএসকে ডিএল মেথডে ৯ রানে হারিয়েছে মোহামেডান। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এটি তাদের পঞ্চম জয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতোই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় পেয়েছে আবাহনী। মিরপুর স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ডিএল মেথডে ৩০ রানে পরাজিত করেছে মুশফিকুর রহিমের দল।
গতকাল প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে আবাহনী, প্রাইম ব্যাংক। তবে রান রেটে এগিয়ে থাকায় প্রাইম ব্যাংক শীর্ষে রয়েছে। এছাড়া প্রাইম দোলেশ্বর ১১, মোহামেডান, শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ পয়েন্ট করে পেয়েছে। এ ছয়টি ক্লাবই এগিয়ে আছে সুপার লিগের দৌড়ে।
দিনের বেশির ভাগ ম্যাচই বৃষ্টির বাধার মুখে পড়েছিল গতকাল। ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরিতে মোহামেডান আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৯ রানের স্কোর গড়ে। শুক্কুর ৪২ বলে অপরাজিত ৬৮ রান (৩ চার, ৫ ছয়) করেন। রান তাড়া করতে নামা ওল্ডডিওএইচএসের ১৪তম ওভারে নামে বৃষ্টি। পরে তাদের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১২৫ রান। কিন্তু দলটি ৪ উইকেটে ১২৫ রান তুলতে সমর্থ হয়। শুক্কুর ম্যাচসেরা হন। মিরপুরে ওপেনার মুনিম শাহরিয়ারে হাফ সেঞ্চুরিতে আবাহনী ৩ উইকেটে ১৮৩ রানের বিশাল পুঁজি পায়। মুনিম ৫০ বলে অপরাজিত ৯২ রানের (৯ চার, ৫ ছয়) ইনিংস খেলেন। শান্ত ৩০, নাঈম শেখ ২৯ রান করেন। পরে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ১৬ ওভারে ৪ উইকেটে ১১৭ রান তুলতেই নামে বৃষ্টি। ডিএল মেথডে প্রাইম ব্যাংকের টার্গেট দাঁড়ায় ১৯ ওভারে ১৭৪ রান। কিন্তু দলটি ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। তামিম ৫৫, মিঠুন ৩৪ রান করেন। আবাহনীর মুনিম ম্যাচ সেরার পুরস্কার পান।
বিকেএসপিতে মাহমুদউল্লাহর ব্যাটে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৫ উইকেটে জিতেছে খেলাঘরের বিপক্ষে। মাহমুদউল্লাহ অপরাজিত ৫৮ রান করে ম্যাচসেরা হন। অন্য ম্যাচগুলোতে প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে হারায় পারটেক্সকে, আশরাফুলকে ছাড়াই একাদশ গড়া শেখ জামাল ডিএল মেথডে ৭ রানে জিতেছে রূপগঞ্জের বিরুদ্ধে, ব্রাদার্স ডিএল মেথডে ১ রানে হারায় শাইনপুকুরকে।