ইত্তেফাক রিপোর্ট
ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) পরিচালিত একটি বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ মনসিফ হেলালী। এর পুরস্কারস্বরূপ ১ হাজার মার্কিন ডলার জিতেছেন তিনি। গতকাল ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসিআর ২০২০ সালের জুনে ‘আমার জীবন আমার যোগ’ শীর্ষক একটি বৈশ্বিক ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছিল। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে যোগের ক্রমবর্ধমান আগ্রহের কারণে চলমান কোভিড-১৯ মহামারি সত্ত্বেও প্রতিযোগিতাটি বিশ্ব জুড়ে সাড়া পায়। ভিডিও ব্লগিং প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিপুলসংখ্যক ভিডিও আপলোড করে। পরিসংখ্যানে দেখা গেছে, সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ ছিল বাংলাদেশ থেকে।
এতে বাংলাদেশের তরুণ মনসিফ হেলালী যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত একটি অনুষ্ঠানে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মনসিফ হেলালীর হাতে চেক তুলে দেন এবং তাকে অভিনন্দন জানান।