শ্রীপুরে চেক জালিয়াতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন ২ নম্বর গাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আকরাম হোসেনকে (৪৫) শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আকরাম হোসেন ঐ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, মামলার বাদী জসিম উদ্দিন গাজীপুর কোর্টে ২০১৯ সালে একটি চেক জালিয়াতি মামলা করলে গাজীপুর যুগ্ম-দায়রা জজ আদালত আকরাম হোসেনকে দুই বছরের সাজা দেয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। রবিবার অত্র থানাধীন চকপাড়া ফাঁড়ির পুলিশ গাজীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। শ্রীপুর থানার ওসি মো. খন্দকার ইমাম হোসাইন জানান, চেকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আকরাম হোসেনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হলে আদালত আসামিকে জেলহাজতে পাঠায়।