বিএনপির বিদেশনির্ভর রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন :কাদের

বিএনপির বিদেশনির্ভর রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

দেশের রাজনীতি এখন সংকটময় অবস্থায় নিমজ্জিত, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপিই নিজেদের জন্য সংকট তৈরি করেছে। বিএনপি নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢাল মাত্র।

‘বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভেসে যাবে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁকডাকে ভেসে যাবে। শেখ হাসিনার মানবিক, সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারো সন্ত্রাসনির্ভর আন্দোলনের হাঁকডাকে ভয় পায় না।

আওয়ামী লীগের শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মণিকোঠায়। অতীতে অনেক হত্যা, সন্ত্রাস আর ষড়যন্ত্র হয়েছে তাতে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দলের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাজনিত নির্দেশনা দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি ব্যতীত কোথাও কেউ কোনো কমিটি বিলুপ্ত, কমিটি গঠন অথবা ব্যক্তি বা দল থেকে কাউকে অব্যাহতি দিতে পরবে না। সর্ব পর্যায়ে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার জন্যও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশ একজন দেশপ্রেমিক, সত্ ও আদর্শবান নেতা হারিয়েছে।