অস্ত্রের মহড়া পেশিশক্তি ব্যবহারের চূড়ান্ত বহিঃপ্রকাশ :টিআইবি

পাবনা গণপূর্ত কার্যালয়ে প্রকাশ্যে অস্ত্র হাতে সরকার দলীয় কর্মীদের মহড়াকে সরকারি ঠিকাদারি ও নির্মাণকাজে অবৈধ পেশিশক্তি ব্যবহারের নগ্ন প্রকাশ বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গতকাল রবিবার টিআইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনা দেশের সরকারি ক্রয় ও নির্মাণকাজে বহু দিন ধরে প্রচলিত অবৈধ বল প্রয়োগ, ভয়-ভীতির মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া এবং অস্ত্রের মুখে প্রতিযোগিতামূলক কাজ বণ্টন প্রভাবিত করার আরেকটি প্রকাশ্য উদাহরণ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রের বরাত দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি ক্রয়, নির্মাণকাজ এবং প্রাতিষ্ঠানিক নানা কর্মকাণ্ডে স্বচ্ছতার জন্য প্রতিযোগিতামূলক যে টেন্ডার ব্যবস্থা চালু করা হয়েছিল, সরকারদলীয় নেতাকর্মী ও স্বার্থান্বেষী মহলের অবৈধ বল প্রয়োগ, হুমকি-ধামকি এবং জবরদখলে দীর্ঘদিন ধরেই তা অকার্যকর হয়ে আছে। কিন্তু সংশ্লিষ্ট নানা কর্তৃপক্ষ ছোট-খাটো কিছু ব্যতিক্রম ব্যতীত বরাবরই তা অস্বীকার এবং কোনো কোনো ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে আসছে।

তিনি বলেন, অবিলম্বে পাবনার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক টেন্ডার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।