ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আলাদাভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদ। জাসদের ঢাকা মহানগর পশ্চিম কমিটির সদস্য ও মিরপুর থানা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু হানিফকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলের নির্বাচনি মনোনয়ন বোর্ড আগ্রহী প্রার্থীদের সাক্ষাত্কার শেষে গতকাল রবিবার হানিফের মনোনয়ন চূড়ান্ত করেছে।
সংসদীয় কমিটির সুপারিশ চরম
নারীবিদ্বেষী ও কুিসত’
এদিকে, কোথাও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারী হলে সেক্ষেত্রে তার পরিবর্তে পুরুষ কর্মকর্তা দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গতকাল যে সুপারিশ করেছে, সেটিকে ‘সংবিধানবিরোধী, চরম নারীবিদ্বেষী, বৈষম্যমূলক ও কুিসত’ বলে আখ্যায়িত করেছে জাসদ। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল এক যুক্ত বিবৃতিতে সংসদীয় কমিটির এ ধরনের সুপারিশের নিন্দা জানিয়ে বলেছেন, জানাজায় অংশগ্রহণ করা বা না করার সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের বিষয় সম্পর্কিত নয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ কুিসত বক্তব্যের মধ্যে স্বাধীনতাবিরোধী, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর নারীবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। সংসদীয় কমিটিকে এ ধরনের সুপারিশ প্রত্যাহার করার আহ্বান জানান জাসদ নেতৃদ্বয়।