যুক্তরাষ্ট্রের উদ্দেশে গতকাল রবিবার ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বাজকিরের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন বলে জানা গেছে। সফর প্রসঙ্গে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জাতিসংঘের কয়েকটি বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানে মঙ্গলবার রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। তাতে তিনি যোগ দেবেন। এছাড়া জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। ঐ সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এছাড়া দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির সঙ্গে বৈঠক করেন।
সফরকালে যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে ড. মোমেন করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহায়তা চাইবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২১ জুন তিনি ঢাকায় ফিরবেন।