যৌন হয়রানি ও নিপীড়ন শুধু নারীর সমস্যা নয়, এটি সামাজিক ইস্যু—এমনটাই মন্তব্য করে বাংলাদেশ মহিলা পরিষদের অনলাইন মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আশার কথা হলো আজ অনেকেই বিশেষ করে তরুণ সমাজ এটা নিয়ে ভাবতে শুরু করেছে। যদি সবাই বিষয়টি নিয়ে পথে নামে তাহলে যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধের আন্দোলন একটি শক্ত ভিত্তি পাবে। গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির উদ্যোগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির সদস্য রেখা চৌধুরী। মতবিনিময় সভায় অভিযোগ কমিটি গঠনের প্রেক্ষাপট ও কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা এবং এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং অভিযোগ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম। ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ : জেন্ডার প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির সদস্য ড. তানিয়া হক।