বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিত্সাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি। তার হার্টের এবং কিডনির সমস্যা আছে। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক। গতকাল রবিবার এক টুইট বার্তায় মির্জা ফখরুল একথা বলেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এক মাস সিসিইউতে থাকার পর গত ৩ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তার অবস্থা নিয়ে চিকিত্সকরা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন তারা।