লেখক আবুল

g ব্রত রায়

 

একখানা বই প্রকাশ করিবে আবুলের ছিল শখ

কাজটা কঠিন ধীরে ধীরে তার জ্ঞান হলো সম্যক।

নামী প্রকাশক সকলেই তারে দেখাইয়া দিল দ্বার

বই হইবে না? আবুলের চোখে নামিল অন্ধকার!

কম দামি এক প্রকাশক যার নাম ধরা যাক গাজী

আবুলের বই প্রকাশ করিতে অবশেষে হলো রাজি?

শর্ত মাফিক সমুদয় টাকা বই প্রকাশের আগে—

দিতে হবে তারে, পঞ্চাশখান বই আবুলের ভাগে!

জানুয়ারি গেল, ফেব্রুয়ারির শুরুও গেল যে এসে

বইমেলা এলো, ‘আসবে, আসবে’, প্রকাশক কয় হেসে।

এক সপ্তাহ দুই সপ্তাহ চলে যায় তবু দেখি

বই আসছে না, আবুল করছে ফেসবুকে লেখালেখি!

স্টলের সামনে পায়চারী করে, মুখখানি তার কালো

প্রকাশক আর ফোন ধরছে না, ব্যাপার ঠেকে না ভালো!

মেলা শেষ হলো আবুলের বই হইলো না তবু বের

প্রকাশক বলে, ‘অসুবিধা নাই! মেলা তো আসবে ফের!’

ফের মেলা এলো। চলিয়াও গেল। বই আর আসিল না

গাজী চলে গেছে সৌদি আরব—সংবাদ গেল শোনা?

বই হইবে না? চেষ্টা করিলে হইবে অবশ্যই

এবার আবুল নিজেই প্রকাশ করিল নিজের বই!

চলিল না বই? না চলুক তাতে কীবা তার যায় আসে

‘লেখক’ উপাধি যুক্ত হইল তাহার নামের পাশে।