বিনোদন রিপোর্ট
এ সময়ের ব্যস্ততম অভিনেত্রী তাসনিয়া ফারিন। আজ থেকে প্রায় দেড় বছর আগের একটি লাইভ অনুষ্ঠানে বলেছিলেন প্রিয় নির্মাতা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর নাম। তার নির্দেশনায় কাজ করতে চান। এরপর দেশের গুণী একাধিক নির্মাতার কাজ করেছেন তিনি। কিন্তু প্রিয় নির্মাতার সাথে কাজ করা হয়নি খুব একটা। অবশেষে ফারিন তার প্রিয় নির্মাতার একটি বিশেষ শো’তে কাজ করছেন।
‘ডুব’ ছবিটির পর আর কোনো সিনেমা নিয়ে হাজির হননি নির্মাতা ফারুকী। তার ‘শনিবার বিকেল’ আটকে আছে সেন্সর অনুমতি না পেয়ে। স্বভাবতই ভক্ত-অনুরাগীরা অপেক্ষা করছেন প্রিয় নির্মাতার নতুন কাজের জন্য। তবে ফারুকী ভক্তদেও জন্য বিশেষ খবর হলো, খুব শিগগিরই নতুন একটি কাজ নিয়ে আসছেন তিনি।
ভারতীয় ওয়েব প্লাটফর্ম জি ফাইভের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জানা গেছে, নির্মাণ করেছেন একটি শো। বিগ বাজেটের এই শোয়ের নাম ও ধরণ নিয়ে এখনই নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান মুখ খুলতে রাজি নয়।
জানা গেছে, এখানে দেখা যাবে তারকার হাট। অর্থাত্ একঝাঁক তারকার দেখা মিলবে এই শো-তে। তার মধ্যে আছেন আফজাল হোসেন, হাসান মাসুদ, ইরেশ যাকের, পার্থ বড়ুয়া, তাসনিয়া ফারিন, মারিয়া নূর সহ অনেকে।
এদিকে তাসনিয়া ফারিন জানান,‘এত গুণী নির্মাতার একটি ভিণ্নধারার প্রজেক্ট। পাশাপাশি এত এত গুণী শিল্পীদের সাথে কাজ করা। পুরো বিষয়টিই আমার কাছে দারুন আনন্দের।’