l রাকিবা ঐশী
ধানমন্ডির বাসিন্দা লুনা চৌধুরী। প্রায় পাঁচ বছরের সংসার তার। সুন্দর সুন্দর আসবাবপত্রের প্রতি তার প্রচণ্ড ঝোঁক। লিভিং রুম, বেড রুম, ডাইনিং রুম, কিচেন রুমের প্রতিটি জায়গায় যেখানে যেখানে আসবাব দরকার, সেখানে ঠিক সেই আসবাবটি শোভা পাচ্ছে। আছে বাহারি রকমের আসবাবপত্র। বেড, আলমারি, চেস্ট ড্রয়ার, টিভি স্ট্যান্ড, সোফাসেট, শোকেস, ডাইনিং টেবিল, চেয়ার, ডিনার ওয়াগন কী নেই! ওয়ারড্রোব, বুকসেলফ, কম্পিউটার টেবিল, ডিসপ্লে সেলফ, আলমারি ইত্যাদি। রকমারি আসবাব রিফাতের ঘরে। কিন্তু বিপাকে পড়েছেন পছন্দের আসবাব নিয়ে। অনেক দিন ব্যবহারের ফলে অনেক আসবাব হারিয়ে ফেলেছে তাদের সৌন্দর্য। যেসব আসবাব ঘরের সৌন্দর্য হিসেবে ছিল, সেটা আজকে অনেকটাই সৌন্দর্যহানিকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঘরের এই আসবাবপত্র চাইলেই তো আর পাল্টানো যায় না। তা ছাড়া এতগুলো আসবাব তো আর এক সাথে কেনা সম্ভব নয়। আসলে রিফাতের মতো অনেকেই ঘরের আসবাব নিয়ে বিপাকে পড়ে যান। তবে আসবাবে যদি আবার নতুন আবহ আনা যায়, তা হলে তো কোনো কথা নেই।
ব্র্যান্ড আসবাব
আপনার ঘরে যদি থাকে পারটেক্স, অটবি, হাতিল বা ব্রাদার্সের মতো ব্র্যান্ডের আসবাব, তা হলে খুব সহজেই পলিশ করাতে পারবেন। এসব প্রতিষ্ঠান তাদের নিজেদের পণ্যের ক্ষেত্রে লিকার পলিশ করিয়ে দেয়। এজন্য আপনাকে তাদের গ্রাহক সেবাকেন্দ্রে যোগাযোগ করতে হবে। তারা আপনার বাসায় লোক পাঠাবে। বাসায় যদি কাজ না করা সম্ভব হয়, সে ক্ষেত্রে আপনার আসবাবটি তারা তাদের কারখানায় পাঠিয়ে প্রয়োজনীয় কাজ করে বাসায় পৌঁছে দেবে। এসব প্রতিষ্ঠানে পলিশ করতে প্রতি বর্গফুটে খরচ হয় ১০০ থেকে ২০০ টাকা। কোম্পানি ভেদে পলিশের খরচ আবার আলাদা। এর বাইরে আপনাকে পণ্য পরিবহন খরচ বহন করতে হবে।
লিকার পলিশ
আপনার আসবাব যদি কাঠের না হয়, তা হলে আপনাকে লিকার পলিশ করাতে হবে আসবাবে। লিকার পলিশ একটু ব্যয়বহুল হাতের পলিশের থেকে। লিকার পলিশ করার জন্য লোকও আপনি পান্থপথ ও শেওড়াপাড়াতে। দুইভাবে আপনি কাজ করাতে পারবেন। দৈনিক ভিত্তিতে ও চুক্তিতে। এ ক্ষেত্রে সব থেকে ভালো হয় দৈনিক ভিত্তিতে কাজ না দিয়ে চুক্তি ভিত্তিতে দেওয়া। আসবাবের ধরন ও আকৃতি অনুযায়ী বড় ধরনের আসবাবপত্রের ক্ষেত্রে লিকার পলিশ করতে খরচ হবে দেড় হাজার টাকা থেকে তিন হাজার টাকা।
কাঠের সাধারণ আসবাবপত্র
আসবাব জগতে আধুনিক নানা ধরনের আসবাবপত্র এসে জায়গা করে নিলেও কাঠের তৈরি আসবাবের দিকে সবার একটা বিশেষ পছন্দ কাজ করে। আমাদের অনেকেরই ঘরে শোভা পায় বিভিন্ন কাঠের তৈরি নানা ধরনের আসবাব। কাঠের তৈরি আসবাবের যদি রং নষ্ট হয়ে যায়, সেগুলো আবার পলিশ করে নিতে পারেন। পলিশ করাতে খুব বেশি খরচ হবে না। পলিশ করালে জিনিসটাকে দেখাবে নতুনের মতোই। কাঠের তৈরি আসবাব হাতে পলিশ করতে হয়। এজন্য আসবাব তৈরি করে এমন প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। প্রতিষ্ঠানের নিজেদের রং করানোর মিস্ত্রি থাকে। আর আসবাবপত্র যদি বেশি হয়, তা হলে আপনি চলে যেতে পারেন পান্থপথে অথবা শেওড়াপাড়ায়। পলিশ করানোর লোক পাবেন এসব এলাকায়। দৈনিক হিসেবে বা পুরো কাজের জন্য, প্রতিজন মিস্ত্রিকে দিতে হয় ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত। আসবাবপত্রের আকার ও নকশা দেখে মজুরি নির্ধারিত হবে, পুরো কাজের জন্য।