জিম্বাবুয়েতে খেলা বন্ধ, তবু সফর নিয়ে আশাবাদী বিসিবি

  স্পোর্টস রিপোর্টার

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জিম্বাবুয়ে সরকার সব ধরনের খেলা বন্ধ করে দিয়েছে। হারারেতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচও স্থগিত হয়ে গেছে। যার ফলে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরও। আগামী ২৮ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ দল।

যদিও গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, দেশটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ আয়োজনে আশাবাদী তারা।গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘করোনার সংক্রমনের ফলে ওদের সরকার সব ধরনের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইওর সঙ্গে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তারা সরকারের সঙ্গে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’