প্রিমিয়ার ক্রিকেট লিগ
স্পোর্টস রিপোর্টার
মাঠে আচরণবিধি ভঙ্গ করে সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া, পুরো ঘটনা নিয়ে এ বাঁহাতি অলরাউন্ডার ও মোহামেডানের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল গতকাল। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে হুট করে সংবাদ সম্মেলন স্থগিত করে মোহামেডান। গতকাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মাঠের ক্রিকেটেও দিনটা ভালো কাটেনি ক্লাবটির। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগে ব্যাট করে মোহামেডান ৯ উইকেটে ১৪৩ রান তুলেছিল। পরে বৃষ্টিতে আর ম্যাচ গড়ায়নি মাঠে। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়।
গতকাল প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৯ ম্যাচে ৭টি জয় ও ২টি হারে ১৪ পয়েন্ট পেয়েছে তামিম-বিজয়দের দল। ১৪ পয়েন্ট পেলেও প্রাইম ব্যাংকের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় আবাহনী দ্বিতীয় স্থানে রয়েছে। প্রাইম দোলেশ্বর ১৩, গাজী গ্রুপ ক্রিকেটার্স ১২, মোহামেডান ১১, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ পয়েন্ট করে পেয়েছে। সুপার লিগের দৌড়ে আছে এই ক্লাবগুলো।
বিকেএসপিতে প্রাইম ব্যাংক ২২ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে। রনি তালুকদারের হাফ সেঞ্চুরিতে (৫৪) প্রাইম ব্যাংক ৭ উইকেটে ১৪৭ রান তোলে। জবাবে ১২৫ রানে গুটিয়ে গেছে ওল্ড ডিওএইচএস। রনি তালুকদার ম্যাচ-সেরা হন।
মিরপুর স্টেডিয়ামে ১৮.২ ওভারে আবাহনী ৪ উইকেটে ১৮১ রান তুলতেই নামে বৃষ্টি। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেন মুনিম শাহরিয়ার। ৪০ বলে ৭৪ রান (৯ চার, ৩ ছয়) করেন তিনি। শান্ত ৪২ বলে অপরাজিত ৬৫ রান করেন। পরে ডিএল মেথডে শেখ জামালের টার্গেট দাঁড়ায় ১৩ ওভারে ১৪৮ রান। কিন্তু ক্লাবটি ৮ উইকেটে ৯৮ রান তুলতে পেরেছিল। মুনিম শাহরিয়ার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। প্রাইম দোলেশ্বর (১১৮) ১৪ রানে হারিয়ে দিয়েছে রূপগঞ্জকে (১০৪/৮)। খেলাঘরের (১১০/৭) বিপক্ষে ডিএল মেথডে ১৫ রানের জয় পেয়েছে শাইনপুকুর (১৫৪/৬)। গাজী গ্রুপ ক্রিকেটার্স (৪৭/১) ডিএল মেথডে ৯ উইকেটে জিতেছে পারটেক্সের (১০৯/৭) বিরুদ্ধে। খেলাঘর ৮, শাইনপুকুর ৬, ওল্ডডিওএইচএস ৫, রূপগঞ্জ ৫ পয়েন্ট পেয়েছে। এখনো কোনো জয় পায়নি পারটেক্স।