কাপ্তাইয়ে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে পাহাড়ে বসবাস

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত খাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ পরিবেশে ঘর তৈরি করে বসবাস করছে পাঁচ শতাধিক পরিবার। যে কোনো মুহূর্তে পাহাড় ধসে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা এসব পরিবারের মানুষদের।

প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারীদের পাহাড় থেকে সরে আসার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে মাইকিং করে তাদের সাবধান করেছে। কিন্তু প্রশাসনের অনুরোধ ও হুঁশিয়ারি বার্তাকে আমলেই নিচ্ছে না পাহাড়ে বসবাসকারীরা। কোনোভাবেই পাহাড় ছাড়তে তারা রাজি নন তারা। পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসার বিষয়ে বারবার অনুরোধের বিষয় উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে আসার জন্য আমরা বারবার অনুরোধ করে আসছি। কিন্তু অনুরোধ ও আহ্বান কেউ শুনছে না।

সরেজমিন দেখা গেছে, কাপ্তাই নতুন বাজারের ঢাকাইয়া কলোনীতে বিপুল সংখ্যক পরিবার অত্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছে। এমন ঝুঁকিতে তারা বসতি গড়েছেন দেখলেই বুক কেঁপে ওঠে। ঝড়-বৃষ্টি ছাড়াই যে কোনো মুহূর্তে এসব ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুরোধে কাজ না হলে জোর খাটানো হবে। মানুষের জানমাল রক্ষায় প্রশাসন যে কোনো ধরনের পদক্ষেপ নেবে। প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ও ১৩ জুন ভারী বর্ষণের ফলে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে পাহাড়ে ধস নামে। ঐ ঘটনায় ১১৮ জন মানুষ মাটি চাপা পড়ে মারা যান।