ঘোড়ার গাড়ি চলাচলের একমাত্র মাধ্যম

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাট উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। নদী বেষ্টিত এই জনপদে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। বর্ষাকালে চলাচলের জন্য নৌকা ব্যবহার হলেও শুকনো মৌসুমে বালুতে ঢেকে যায় পথঘাট। তখন চরাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। সরেজমিনে দেখা যায়, তিস্তার চরের প্রায় ১০টি গ্রামের লোকজন মালামাল পরিবহনের জন্য এই ঘোড়ার গাড়িকেই বেছে নিয়েছেন। ঘোড়ার গাড়িচালক আ. হাকিম জানান, প্রতিদিন ৬০০-৮০০ টাকা আয় হয়। বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, চরে অন্য গাড়ি চলাচল করতে পারে না। মালামাল পরিবহনে তাই সবাই ঘোড়ার গাড়িই ব্যবহার করে।