শিবগঞ্জ প্রাণিসম্পদ অফিসে নানা সমস্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা

নানা সমস্যায় জর্জরিত শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস। একদিকে জনবল সংকট, অন্যদিকে নেই কোনো যানবাহন, আবাসিক ভবন, পর্যাপ্তসংখ্যক কম্পিউটারসহ অন্যান্য জিনিস। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ অফিসে ১১ জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে আছেন আট জন। অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদটি দীর্ঘদিন যাবত্ শূন্য থাকায় অফিসের যাবতীয় কাজে হিমশিম খেতে হচ্ছে। সমস্যাগুলোর কথা স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিত চন্দ্র সিংহ বলেন, একাধিকবার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছুটা সমাধানও হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানের জন্য তাদের সুদৃষ্টি কামনা করছি।