সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। রবি ও সোমবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রংপুর :রংপুরের তারাগঞ্জে সোমবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য মারা গেছেন। আহত হয়েছেন আরো ছয় জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউটের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ। রফিকুল ইসলামসহ বেশ কয়েক জন যাত্রী ব্যাটারিচালিত একটি রিকশা ভ্যানে করে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুরগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) :বড়াইগ্রামে ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক মেহেদী হাসান উজ্জল (৩০) মারা গেছেন ও অপর তিন জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কয়েন বাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আমবোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকের সংঘর্ষ ঘটলে চালকসহ চার জন আহত হন। তাদের বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক উজ্জলকে মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ :শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেলের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল মোটরসাইকেলযোগে শিবগঞ্জ রসুল মোড় যাচ্ছিলেন। ছত্রাজিতপুর ইউনিয়নের পরিষদের সামনে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে রাসেল রাস্তার ওপর পড়ে যায়। এ সময় একটি ট্রাক তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

কালাই (জয়পুরহাট) :কালাইয়ে রবিবার সন্ধ্যায় ধানমাড়াই মেশিনে চাপা পড়ে শামিম হোসেন নামের এক শ্রমিক মারা গেছে। আহত হয় আরো দুই জন। ধান মাড়াইয়ের কাজ শেষে তিন জন মেশিন চালিয়ে ইমামপুর যাওয়ার পথে নয়াপাড়া নামক স্থানে মেশিনটি উলটে এ হতাহতের ঘটনা ঘটে। কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।