সরেজমিন পরিদর্শন করলেন স্বাস্থ্যের মহাপরিচালকসহ কর্মকর্তারা
বিশেষ প্রতিনিধি
দেশে সংক্রামক রোগের একমাত্র পূর্ণাঙ্গ বিশেষায়িত চিকিত্সাকেন্দ্র মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। একই সঙ্গে তিনি হাসপাতালের জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা করেছেন তাদের তালিকা প্রণয়ন করারও নির্দেশনা দিয়েছেন।
গত ১৩ জুন দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় ‘চারদিকে ডাস্টবিন মাঝে হাসপাতাল, হাসপাতালের ৩৫ একর জায়গার মধ্যে ২৫ একরই বেদখল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর এক দিন পর গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, স্বাস্থ্য প্রকৌশলীরাসহ সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উল্লিখিত নির্দেশনা দেন। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালটি নিজেই যেন নানা রোগে সংক্রমিত। চারদিকে ডাস্টবিন, মাঝখানে হাসপাতাল। এই হাসপাতালের ভেতর ও চারপাশ ময়লা-আবর্জনায় পরিপূর্ণ, ছড়াচ্ছে দুর্গন্ধ। সামান্য বৃষ্টিতেই হাসপাতালে প্রবেশের রাস্তায় হাঁটুপানি জমে যায়। হাসপাতালের চারপাশ ঘিরে চলে মাদক ব্যবসা। যেন অপরাধীদের অভয়ারণ্য।