কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজার এলাকায় গতকাল সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজু সুপার মার্কেটের ১৫টি দোকান মালামালসহ ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঐ দিন সকালে উপজেলার মাঝুখান বাজারের রাজু সুপার মার্কেটেরে একটি সেলুনের দোকানের এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা প্রাণান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মালামালসহ মার্কেটের ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সম্ভব হয়নি।