দুই ধর্ষক গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলক্রসিং এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় তিন জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার রতনপুর এলাকায় শাহাবুদ্দিন স্পিনিং মিলের এক কর্মী তার স্বামীর সঙ্গে ঘুরতে যায়। সেখানকার চিহ্নিত বখাটে উপজেলার রতনপুর এলাকার আবুল মিয়ার ছেলে নাইম, একই এলাকার জয়নুদ্দিনের ছেলে আনোয়ার ও নূরু মিয়ার ছেলে নাহিদ তাদের ধারালো ছোরার ভয় দেখিয়ে বনের ভেতরে নিয়ে যায়। একপর্যায়ে পোশাককর্মীর স্বামী শাহ আলমকে গাছের সঙ্গে বেঁধে রেখে পার্শ্ববর্তী নাইমের বাসায় নিয়ে পোশাককর্মীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন সকাল বেলা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়।
পোশাককর্মীকে তার স্বামী স্থানীয়দের সহায়তায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঐ নারী শ্রমিক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলার পর গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে নাইম ও আনোয়ার নামে দুই ধর্ষককে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব আলম জানান, মামলার পর ধর্ষক নাইম ও আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক নাহিদকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিতা পোশাককর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।