শোভন কর্মপরিবেশ বাস্তবায়নে বিলস্ একাডেমির যাত্রা শুরু

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় ও আন্তর্জাতিক শ্রম ইস্যু, আইন, নীতি, মানদণ্ড, জেন্ডার সমতা, নেতৃত্বের উন্নয়নসহ শ্রম ও ট্রেড ইউনিয়ন বিষয়ক বিভিন্ন ইস্যুতে একাডেমিক প্রশিক্ষণকে পূর্ণাঙ্গরূপে চালু করার লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ এর প্রশিক্ষণ বিভাগ ‘বিলস্ একাডেমি’ হিসেবে যাত্রা শুরু করেছে। গতকাল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিল্স একাডেমির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলস্ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিলস্ ভাইস চেয়ারম্যান শিরীন আখতার, এমপি বলেন, বিলস্ একাডেমির যাত্রা শ্রম এবং ট্রেড ইউনিয়ন বিষয়ক একাডেমিক প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূইয়া বলেন, বিলস্ একাডেমির প্রশিক্ষণের মাধ্যমে শুধু শ্রমিক বা ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দই নয়, শিল্প কারখানার মধ্যম সারির কর্মকর্তারাও প্রশিক্ষণ নিয়ে সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখতে ভূমিকা পালন করতে পারবেন। সাবেক মন্ত্রী ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সভাপতি শাহজাহান খান বলেন, বিলস্ একাডেমি উদ্বোধনের মাধ্যমে সবার সম্মিলিত প্রয়াসে শ্রমিক শ্রেণির অধিকার সুরক্ষিত হবে। শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন বলেন, শুধু জ্ঞান অর্জনের জন্যই নয়, ব্যাবহারিক ক্ষেত্রেও যেন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমিক নিরাপত্তা ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনসমূহের কর্মীদের তিনি এ প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিলস্ মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান, গ্লোবাল লেবার ইউনিভার্সিটির অনলাইন একাডেমির নির্বাহী পরিচালক এডলিরা জাহফা, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, এসএনভির আরএমজি ইনক্লুসিভ বিজনেস প্রোগ্রামের টিম লিডার পার্থিবা রাহাত খান প্রমুখ।