ঢাকার লিয়াজোঁ অফিস বন্ধ করলেন নতুন ভিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দায়িত্ব নিয়েই ঢাকার লিয়াজোঁ অফিস পুরোপুরি বন্ধ ঘোষণা করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে নতুন ভিসি বলেন, ‘রবিবার (১৩ জুন) বেরোবির ঢাকার লিয়াজোঁ অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে সেই অফিস পুরোপুরি বন্ধ ঘোষণা করেছি। এখন থেকে মিটিং বিশ্ববিদ্যালয়ে হবে।’ তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যায়ের অভ্যন্তরীণ যে সমস্যা আছে সবার আগে সেগুলোর সমাধান করতে হবে।’ এছাড়া গত ১০ বছরে যে সেশনজট তৈরি হয়েছে তা দূর করারও আশ্বাস দেন হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের অতীতের অনিয়ম-দুর্নীতির কোনো প্রমাণ পেয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর শেষ কর্মদিবস ছিল ১৩ জুন। চাকরির শেষ কর্মদিবসে ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদ বর্ধিত না হওয়ায় বিদায় নিয়েছেন কলিমউল্লাহ। তার স্থলে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও বেরোবির বর্তমান ট্রেজারার ড. হাসিবুর রশীদ।

ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, গণক্রন্দন

এদিকে ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিদায়ে রবিবার রাত ৮ থেকে ১১টা পর্যন্ত পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজিসহ আগরবাতি প্রজ্বালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সবশেষে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে ভিসির বিদায়ে ‘গণক্রন্দন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে মেয়াদের চার বছর দায়িত্ব পালনকালে কর্মচারী দিয়ে পরীক্ষা নেওয়া, একটি ক্লাস নিয়েই কোর্স শেষ করা, শিক্ষক ও জনবল নিয়োগে অনিয়ম, ভর্তি পরীক্ষার জালিয়াতি ধামাচাপা দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।