নাজিরপুরে ইউপি নির্বাচনি সহিংসতা, শঙ্কায় ভোটাররা

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুর  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের একই স্থানে মিছিল করা নিয়ে সহিংসতা ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল সোমবার উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা নামক বাজারে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোশারেফ হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী (আনারস) নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের প্রভাবশালী নেতারা দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মাঠে নামায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা যায়, হামলা-সংঘর্ষ এবং সহিংসতা এমনকি সাধারণ ভোটারদের হুমকি দেওয়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ইউনিয়নে ভোটের দিন কোনো প্রার্থী কেন্দ্র দখলে রাখতে পারবে এবং প্রতিহত করতে পারবে এই ধরনের মানসিকতা নিয়ে দুই গ্রুপের প্রকাশ্য মহড়ায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যাবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে ইউপি নির্বাচনে কেন্দ্র দিয়ে মনোনয়ন দেওয়া প্রার্থীরা নৌকা প্রতীক পেলেও তৃণমূল নেতাকর্মীদের অপছন্দ হওয়ায় নাজিরপুর উপজেলার চারটি ইউনিয়নেই অধিকাংশ দলে প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।