কাদের মির্জার ২৪ ঘণ্টা অবরোধের আলটিমেটাম

  কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা

কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অবরোধ করে বাস, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ এনে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গতকাল সোমবার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

কার্দের মির্জা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অরাজকতা সৃষ্টিকারীদের গ্রেফতার না করলে আগামী বুধবার কোম্পানীগঞ্জে সর্বাত্মক ২৪ ঘণ্টা অবরোধ থাকবে। এ সময় রিকশা ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে দোকানপাট, অফিস-আদালত, ব্যাংক-বিমা খোলা থাকবে। এরপর তিনি সকালে বসুরহাট পৌরসভা কার্যালয়ে নিজের ফেসবুক আইডি থেকে ৫৫ মিনিটের লাইভে এসে বলেন, ‘এখানে তথাকথিত এমপি একরাম ও নিজামের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। শনিবার তারা ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে। আমরা বাধা দেইনি। এখানে প্রশাসন আছে, তারা অর্থের বিনিময়ে আমাদের বিরুদ্ধে তাদের পক্ষে অবস্থান নিয়েছে। তারা এ অর্থ একরাম চৌধুরী ও ফেনীর এমপি নিজাম হাজারীর কাছ থেকে নিয়েছে। আমাদের কাছে তো এত টাকা নেই।’

মির্জা আরো বলেন, ‘দেশে বিরোধী দল বলতে কিছু নেই, খালেদা জিয়া অসুস্থ, ঘরে ঢুকে গেছেন। তারেক জিয়া দেশে নেই। তারেক জিয়া যে অপকর্ম করেছে, জীবনেও দেশে আসতে পারবে না। আমি নেত্রীর কাছে বলতে চাই, দলে ভালো লোকগুলো এখন থেকে বাছাই করেন। আগামী নির্বাচনে তাদের নমিনেশন দেন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২৭০টি আসন পাবে, যদি না পায় আমি হিজরত করব।’