বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। মে মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। পাকিস্তানের হাসান আলী, শ্রীলঙ্কার প্রাভীন জয়াবিক্রমাকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন মুশফিক। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। নারী ক্রিকেটে সেরার স্বীকৃতি পেয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। গত জানুয়ারি মাস থেকে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার দিয়ে আসছে আইসিসি। গেল চার মাসে বাংলাদেশের কেউ এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্সে মে মাসের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হন মুশফিক। হোম সিরিজে তিন ম্যাচে ২৩৭ রান করেছিলেন তিনি। প্রথম ওয়ানডেতে ৮৪, দ্বিতীয় ওয়ানডেতে ১২৫ ও তৃতীয় ওয়ানডেতে ২৮ রান করেছিলেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান।
তার দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশও প্রথম বার ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। সিরিজের দুই ম্যাচে ম্যাচ-সেরা এবং পরে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিলেন মুশফিক। এই পারফরম্যান্স এবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে গৌরবময় স্বীকৃতি এনে দিল তাকে।