বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বলেছেন, ‘ফুসফুস ও কিডনি জটিলতার কারণে বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন খালেদা জিয়া। চিকিত্সকদের কাছ থেকে যতটুকু জেনেছি, তার হার্টের সমস্যা আছে, সেই সমস্যা না গেলে তার ফুসফুসে যেভাবে পানি এসে যায় সেটা বন্ধ হবে না। চিকিত্সক মনে করছেন, কিডনি ইজ নট ফাংশনিং প্রপারলি। তার লিভারও ঠিকভাবে কাজ করছে না। এ কারণে জ্বর চলে গেলে আবারও তার জ্বর আসছে। বারবার জ্বর আসছে। তাকে উন্নত চিকিত্সার ব্যবস্থা করতে হবে দ্রুত।’ গতকাল সোমবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ তথ্য জানান।
এভারকেয়ার হাসপাতালের চিকিত্সকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুল বলেন, ‘তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। যেটা বারবার করে তারা বলছেন, আমাদের হাসপাতালগুলো ইকুইপ্ট না। তাকে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিত্সা করানো উচিত। যেটা এ দেশে সম্ভব নয়।’
হূদেরাগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপির চেয়ারপারসনের চিকিত্সা চলছে। পোস্ট কোভিডসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে খালেদা জিয়া গত ২৭ এপ্রিল বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ছয় দিন পর ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর ৩ জুন চিকিত্সকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিনে ফিরিয়ে আনা হয়। দিনদিন তার শারীরিক অবস্থার অবনতিতে চিকিত্সকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।